লড়াই রাজা চার্লি চ্যাপলিন ছোটবেলায় এক ট্রুপে মঞ্চানুষ্ঠান করতেন। অনেক ট্রুপেই করেছেন , তার মধ্যে একটিতে জারমো নামের একজন ছিলেন কৌতুকাভিনেতা তথা জাগলার। সেসময়ে ট্রুপে গীতিনাট্য , কৌতুক , মূকাভিনয় , সার্কাসে অংশীদার হয়ে সঙ সাজা- সবেরই পসরা সাজানো থাকত। মানুষের কখন কোনটা ভালো লেগে যায় , কখন কীসে সে বিনোদনরস পায় ; তাই আয়োজন থাকত বিবিধ। যাতে প্রত্যেক দর্শক হাসিমুখে , ভরা মনে বাড়ি ফিরতে পারে। চ্যাপলিন তাই নানারকম শিল্পীকে সামনে থেকে দেখলেন। হয়তো তাঁরা সকলেই ব্যাপক তারকা নন , কিন্তু তাঁদের শৈলীচর্চা দেখতে দেখতে শিশু চার্লি বুঝল , পদ্ধতিটাই সব। ফল-অফল কিছুই নিজের হাতে নেই। চর্চাটুকু আছে। লড়ে যাওয়া আছে। ট্রু পে জারমো-কে কাছ থেকে দেখতে দেখতে চার্লি অভিভূত হল। জারমো প্রতিদিন মহলা শুরুর আগেই পৌঁছে যেতেন। থিয়েটারের দরজা খোলার সাথে সাথে অন্ধকার মঞ্চে তিনি জাগলিং অভ্যাস করতেন। বিশেষ একটা কৌশল রপ্ত করার পিছনে পড়ে ছিলেন দিনের পর দিন। মঞ্চে জায়গা না পেলে সাজঘরের নিরুপদ্রবেও চলত তাঁর অধ্যবসা। কেমন সে কৌশল? একটা বিলিয়ার্ড কিউ (বিলিয়ার্ড খেলার লাঠি) হাতে সোজা করে ধরে আরেক হাতে এক...