অবিশ্বাসী বিপ্লবের অচেনা পথ শেষবার পথ হেঁটে এসে শুরুটা আবার দেখতে চাই। কান্নার দমক ফুরোলে পর হাসিবিশ্বে বিলীন হতে চাই। মানুষকে যত দেখি তত অবাক হই। মলিন মুখে কষ্টের মুহূর্তদের একজায়গায় করে কত মানুষই না বেঁচে আছে। বাহাত্তর বছর পর সমুদ্রের দিকে তাকিয়ে কেউ যদি বলতে পারে, আমি ওপারে পৌঁছে অপার হতে চেয়েছিলাম- তখন সে জানবে এবার ফুরিয়েছে বেলা। এবার আর খুশি করার দায় নেই, সুখী বানাবার বাধ্যতা নেই। এবার আর কিছুই নেই যেন- মহাশূন্য, মহানির্বাণ। এবার পৃথিবীর চাই একটা আন্দোলন, সমস্ত ভাঙা ভাঙা আন্দোলন জুড়ে নিয়ে একটাই আন্দোলন ঐক্যের একটিমাত্র বাণী- সে আন্দোলন সত্যের। সত্যাগ্রহ থেকেও কেবল সত্যটুকু ছেঁকে নিতে ইচ্ছে করে। সত্যের মহান্দোলনে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষ সত্যি কথা বলবে, সত্যকে খুঁজবে। প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তকে বোঝাবে তার গন্তব্যে আপন সত্যাবিষ্কার হল সর্বাগ্রে; তার জন্য সে আপনতরকেও ছেড়ে যেতে পারে, গেলে তাকে কেউ দাগিয়ে দেবে না। তোমার সত্যের সঙ্গে আমার সত্য মিলে যাবেই বলে ধরে নেবে না। বরং না মিললেই জানা যাবে সত্যপূজার মর্মার্থ। বীজমন্ত্র 'সত্য'- সুন্দর হোক অথবা অসুন্দর। রোজই কত মিথ্যে জিত...