কথায় কথায় কাশ্মীর
প্রথম দর্শনে ডাল লেক (১) বিশ্বভ্রমণের আহ্লাদ জাগে মনে, 'আগন্তুক'-এর উৎপল দত্ত হতে অন্তর ওঠে চেয়ে, কখনও সখনও। বেড়াতে যাওয়া মানে শুধু মজার অতিবাহনে উল্লাসকর ক্ষণিকযাপন নয়। নিজেদের সীমিত পথটুকু পেরোলেই নতুন কিছুকে পাওয়া যায়; তা মন্দ অথবা ভালো, কৃতীময় অথবা দুষ্কৃতীময়, জঘন্য বা অমোঘ। আপন কূপের বাইরে মহাসাগরে ঝুপ করে গিয়ে পড়তে পারলে অনিশ্চয়তার ভ্রূকুটি যেমন থাকে, তেমনই অজানাকে সবিস্তারে জানার এক সম্ভাবনা তৈরি হয়। অনিশ্চয়তার ভীতির তুলনায় সম্ভাবনার রোমাঞ্চ অনেক বেশি আকর্ষণীয়। বিশেষ করে যারা অজানার হাতছানি শুনতে পেয়েও গৃহী পরিসরে বাঁধা পড়ে আছে। ভ্রমণের মধ্যে যে অনুচ্চারিত আলস্য আছে, আসলে তা সকলের জন্য সমান নয়। অনেকের জন্যই বেড়াতে যাওয়া মানে নিজেকে চেনা, হারানো আমি-কে হাতড়ানোর উপায়। ভিড়ের মধ্যে দাঁড়িয়েও ধ্যানসর্বস্ব হওয়ার হদিশ। দীর্ঘ অপেক্ষার পর বাস্তবায়িত কাশ্মীর ভ্রমণে শ্রীনগরের মাটি ছুঁয়ে দূর পাহাড় থেকে বয়ে আসা প্রথম বাতাসী ঝলক চোখে-মুখে প্রথম লাগল যখন, অনেকদিন বাদে প্রকৃতি-সমীপে মুক্তি পেয়েছি বলে মনে হল। আমি জানি, এই কাশ্মীর আসা একক মগ্নতায় সংসার-বিচ্ছিন্ন চেতনা নিয়ে নিজেকে হারিয়ে ফে...